Skip to content

Petition

Health Dhaka

ফোনে বিনা মূল্যের চিকিৎসা,অবিলম্বে স্বাস্থ্য বাতায়ন চালুর উদ্যোগ নিন!

1 signaturesof 1,000

Why this matters

দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। এটা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনকও। সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বকেয়া বিল পরিশোধের জটিলতায় জরুরি সেবাটি বন্ধ রয়েছে।
যেভাবে এবং যে কারণে এমন একটি জনগুরুত্বপূর্ণ সেবা কোনো ধরনের বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ হয়ে গেল, তা প্রশাসনিক সমন্বয়হীনতা এবং নাগরিকের সেবার প্রতি সরকারি প্রতিষ্ঠানগুলোর উদাসীনতারই বহিঃপ্রকাশ।
এমনিতেই দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসকের সংকটসহ চিকিৎসাসেবার নানামুখী দুর্দশা নিয়ে প্রতিনিয়ত সংবাদ প্রকাশিত হচ্ছে। চিকিৎসক ও জনবল ঘাটতি, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং তদারকির অভাবে জনগণকে সরকারি চিকিৎসাকেন্দ্র থেকে প্রায়ই হতাশ হয়ে ফিরতে হয়। জরুরি মুহূর্তে তাঁরা যেমন সরকারি চিকিৎসাকেন্দ্রের সেবা থেকে বঞ্চিত হন, তেমনি বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যাওয়ার কারণে তাঁদের ওপর বাড়তি আর্থিক চাপও পড়ে। এমন বাস্তবতায় সরকারি টেলিহেলথ সেবা বন্ধ হয়ে যাওয়া নাগরিকদের চিকিৎসাসেবার ক্ষেত্রে আরেকটি বড় ধাক্কা।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করা স্বাস্থ্য বাতায়নে মানুষ দিনে-রাতে যেকোনো সময় ফোন করে চিকিৎসাবিষয়ক পরামর্শ পেতেন। এখানে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা তিন পালায় কাজ করতেন। এ বছরের ২ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গড়ে প্রতিদিন ৬ হাজার ১৩৭টি কল স্বাস্থ্য বাতায়নে এসেছে। আর করোনা মহামারির সময়ে এই সেবা হয়ে উঠেছিল মানুষের অন্যতম ভরসাস্থল; ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ কোটি ২৬ লাখ কল এসেছিল এখানে। এই সংক্ষিপ্ত পরিসংখ্যান থেকেই টেলিহেলথ সেবার উপযোগিতা সহজে অনুমান করা যায়।
প্রতিবেদন অনুযায়ী, সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ ১০ নভেম্বর শেষ হয়ে যাওয়া এবং ২৮ মাসের পরিচালন ব্যয় বাবদ প্রায় ১৬ কোটি টাকা বকেয়া থাকায় সেবাটি বন্ধ করতে বাধ্য হয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। অন্যদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বকেয়া পরিশোধে কমিটি গঠন ও দ্রুত সেবাটি চালুর আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চুক্তির মেয়াদ ও বকেয়ার পরিমাণ আগে থেকেই জানা থাকা সত্ত্বেও কেন চুক্তি নবায়ন বা সেবাটি সচল রাখার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলো না? স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাজের সমন্বয়হীনতার যে চিত্র প্রতিবেদনে উঠে এসেছে, তা অত্যন্ত হতাশাজনক। প্রশাসনিক অব্যবস্থাপনার মাশুল সাধারণ নাগরিকদের এভাবে দিতে হবে কেন?
আমরা মনে করি, স্বাস্থ্য বিভাগের অতি দ্রুত এই সেবা চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। বর্তমানে পুরো বিশ্বে সব খাতেই ডিজিটাল ব্যবস্থার পরিধি যেখানে ক্রমে বাড়ছে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও স্বাস্থ্যসেবাকে আরও বেশি মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে সাহায্য করছে, সেখানে একটি কার্যকর টেলিহেলথ সেবা বন্ধ হয়ে যাওয়া কার্যত পেছনের দিকে হাঁটার শামিল। প্রশাসনিক সমন্বয়হীনতা দূর করে কেবল এই সেবা আবার চালু করলেই হবে না, বরং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এ ধরনের উদ্যোগগুলোকে আরও আধুনিক করা প্রয়োজন। জনস্বার্থের এই জরুরি সেবা নিয়ে কোনো ধরনের আমলাতান্ত্রিক গড়িমসি কাম্য নয়।

Recent supporters

  • Mehedi Hasan

    দিনে-রাতে যেকোনো সময় ফোনে ডাক্তারের পরামর্শ পাওয়াটা সাধারণ মানুষের জন্য অনেক বড় একটা ভরসা ছিল। প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে এইরকম দরকারি একটা সেবা থাইমা থাকা উচিত না।

Sign this petition

Add a petition

Start with the change you want. You'll add the details next.

Category

Takes about five minutes. Your draft saves as you go.

Share this petition

ফোনে বিনা মূল্যের চিকিৎসা,অবিলম্বে স্বাস্থ্য বাতায়ন চালুর উদ্যোগ নিন!

Sign in to AmarAbedon

Use the email or username and password for your AmarAbedon account.

Forgot your password?

New to AmarAbedon? Create an account

By continuing you agree to our privacy and community guidelines.