ছেঁড়াদ্বীপে পর্যটকের হানা,১২ দফা বাস্তবায়নে কঠোর হতে হবে!!!
১ স্বাক্ষরলক্ষ্য ১,০০০
-
যাঁর কাছে আবেদন
-
শুরু করেছেন ·
Liton Ahmed
কেন এটি জরুরি
প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপে পর্যটকদের অবাধ যাতায়াত ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের খবরে আমরা যারপরনাই উদ্বিগ্ন। সেন্ট মার্টিন ভ্রমণে ১২ দফার সুস্পষ্ট নির্দেশনা থাকলেও সেটা অমান্য করেই পর্যটকেরা সেখানে যাচ্ছেন; দ্বীপের বালুচরে থাকা শামুক, ঝিনুক পিষ্ট করছেন। এমনকি ফেরার সময় প্লাস্টিকের বোতলে করে শামুক-ঝিনুক নিয়ে আসছেন। আমরা আশঙ্কা করি, মৌসুমের শুরুতেই পর্যটকদের এই বেপরোয়া কর্মকাণ্ডে শক্তভাবে লাগাম টেনে না ধরা গেলে ছেঁড়াদ্বীপের প্রতিবেশ ও জীববৈচিত্র্য স্থায়ী ক্ষতির মুখে পড়বে।
খবর জানাচ্ছে, জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়ার পর মোটরসাইকেল অথবা ইজিবাইকে করে পর্যটকেরা দিয়ারমাথা সৈকতে পৌঁছাচ্ছেন। সেখান থেকে ভ্রমণনিষিদ্ধ ছেঁড়াদ্বীপে যাচ্ছেন। পর্যটকদের নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবীরা কাজ করলেও সংখ্যায় অল্প কয়েকজন হওয়ায় তাঁরা পরিস্থিতি সামাল দিতে পারছেন না। উপরন্তু নিষেধ করতে গেলে কোনো কোনো পর্যটক স্বেচ্ছাসেবীদের ওপর মারমুখী আচরণও করছেন।
বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। বাস্তবতা হলো, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের আমলে পর্যটনে বিধিনিষেধ আরোপের আগপর্যন্ত দ্বীপটির প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। পর্যটকদের সংখ্যা সীমিত করায় গত দুই বছরে কাছিমের প্রজনন বৃদ্ধিসহ দ্বীপটির পরিবেশের দৃশ্যমান উন্নতি হয়েছে। দুঃখজনক হলেও সত্যি, পর্যটন ব্যবসার স্বার্থে পরিবেশের প্রশ্নটিকে উপেক্ষা করে এবার পর্যটকদের সংখ্যা, পর্যটন মৌসুমের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটকদের এটা মনে রাখা জরুরি যে সরকারের দেওয়া ১২ দফার শর্ত মেনেই তাঁরা সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ফলে আইন মেনে চলা তাঁদের কর্তব্য। সেন্ট মার্টিনে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা, পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা, ছেঁড়াদ্বীপে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক বলেছেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা বাস্তবায়নে তাঁরা কঠোর অবস্থানে রয়েছেন। কিন্তু মাঠের বাস্তবতা মোটেই এই বক্তব্যকে সমর্থন করে না। হাতে গোনা কয়েকজন স্বেচ্ছাসেবী দিয়ে সেন্ট মার্টিন ও ছেঁড়াদ্বীপকে বাঁচানো যাবে না। আমরা মনে করি, ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারকে কঠোর হতে হবে, নিতে হবে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সেন্ট মার্টিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে। জেলা প্রশাসন ও কোস্টগার্ডকে দ্বীপ রক্ষায় সক্রিয় উদ্যোগ নিতে হবে।
সাম্প্রতিক সমর্থক
-
Shaikh Faisal
ভ্রমণ মানে প্রকৃতিকে উপভোগ করা, দখল বা ধ্বংস করা নয়। পর্যটন আর প্রকৃতি দুটোরই টিকে থাকার জন্য একটা সীমারেখা থাকা দরকার। ছেঁড়াদ্বীপের বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যায়, নিয়মের শিথিলতা দ্বীপটার স্বাভাবিক পরিবেশকে কতটা নাজুক করে তুলছে। ১২ দফা নির্দেশনার সঠিক প্রয়োগই কেবল এই ভারসাম্য ফিরিয়ে আনতে পারে।